সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও জামালগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধর্মপাশার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুরের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), দিরাইয়ের লিটন মিয়া (৩৮) এবং জামালগঞ্জের নূর জামাল (২২)। আহত হয়েছেন আরও চারজন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, হাওড়ে বোরো ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে কেউ হাসপাতালে নেওয়ার পথে আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



