ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানে ফেলে যাওয়া একটি ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশের কাউন্টার টেরররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার চারাবাগ এলাকার একটি মুদিদোকানে মুখে মাস্ক পরা এক ব্যক্তি কোমল পানীয় কিনতে আসেন। দাম পরিশোধের জন্য তিনি দোকানদারকে ২০০ টাকার একটি নোট দেন। দোকানদারের কাছে ভাঙতি না থাকায় তিনি পাশের দোকানে টাকা ভাঙাতে যান। ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি চলে গেছেন। তবে তাঁর সঙ্গে থাকা একটি তালাবদ্ধ ভ্রমণব্যাগ দোকানেই পড়ে রয়েছে।
অনেকক্ষণ অপেক্ষার পরও ওই ব্যক্তি ব্যাগ নিতে ফিরে না আসায় দোকানি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে ব্যাগটি খুলে স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পান। সেটি সন্দেহজনক মনে হলে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক পরীক্ষায় ব্যাগের ভেতরে থাকা প্রেশার কুকারে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে আশপাশের এলাকা নিরাপদ রেখে পাশের একটি খোলা মাঠে বোমাটি নিয়ে যাওয়া হয়। সেখানে সিটিটিসির বিশেষজ্ঞ দল সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ভ্রমণব্যাগটি ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।



