ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে তার বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়।
তিনি জানান, ঘটনার খবর পেয়ে প্রথমে হল প্রশাসন শিক্ষার্থীকে নিজেদের জিম্মায় নেয়। পরে বিষয়টি প্রক্টর অফিসকে জানানো হলে শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর বিভাগের ছাত্র উপদেষ্টা, সংশ্লিষ্ট শিক্ষক ও প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষার্থীকে বিভাগের জিম্মায় দেওয়া হয়।
সহকারী প্রক্টর আরও বলেন, শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে যে ভবিষ্যতে তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়াবেন না। এই অঙ্গীকার ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকেও তাকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীর পূর্ববর্তী আচরণ সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন। সে বিবেচনায় প্রশাসন মানবিক ও প্রশাসনিক—উভয় দিক বিবেচনা করে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে হলের নিরাপত্তা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে পরিচয় যাচাই এবং গেট ব্যবস্থাপনায় আরও কঠোরতা আরোপ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচিত এক ব্যক্তিকে সূর্যসেন হলে আমন্ত্রণ জানান। তবে নির্ধারিত কক্ষে না গিয়ে ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষের দরজায় কড়া নাড়লে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের সন্দেহ হয়।
পরে শিক্ষার্থীরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তার মোবাইল ফোনে থাকা কথোপকথন যাচাই করে সন্দেহজনক তথ্য পাওয়ার দাবি করেন। বিষয়টি হল প্রশাসনকে জানানো হলে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থী ও ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাঈমুর রেজা। আর আটক বহিরাগত ব্যক্তি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এ কর্মরত। তার স্থায়ী বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায় এবং বর্তমানে রাজধানীর মালিবাগ এলাকায় বসবাস করেন। অভিযোগ রয়েছে, তিনি একটি অনলাইন অ্যাপের মাধ্যমে অর্থের বিনিময়ে সেবা প্রদান করতেন।



