ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা এবং শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় আইনি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ প্রেক্ষাপটে শুক্রবার সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা।
তবে বৈঠকের আগে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সাম্প্রতিক আশ্বাস ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরও তাদের মূল দাবিতে কোনো পরিবর্তন আসেনি। আন্দোলনকারীরা এখনও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
শুক্রবার সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, সংগঠনের দাবিগুলো আগের মতোই বহাল রয়েছে এবং সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার খোলা মনে আন্দোলনকারীদের উদ্বেগ ও দাবিগুলো বিবেচনা করবে।
এর আগে বৃহস্পতিবার সিজেপির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা দেশজুড়ে শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এর কয়েক ঘণ্টা পর গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
ভিডিও বার্তায় মোদি জানান, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত বিচারিক প্রক্রিয়া দ্রুততর করার বিষয়টি নিয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার পরামর্শ অন্তর্ভুক্ত করে খসড়া আইন চূড়ান্ত করা হবে এবং যত দ্রুত সম্ভব বিলটি সংসদে পাসের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন ও নাগরিক সমাজের চাপ বাড়তে থাকায় বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ শুরু করেছেন প্রধানমন্ত্রী। আন্দোলনের সমর্থনে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকও বৃহস্পতিবার রাতে সরকারের মন্ত্রীদের উপস্থিতিতে অনশন ভাঙেন।
অনশন ভাঙার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, সরকার তাকে আশ্বাস দিয়েছে যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে সংসদে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা অনুষ্ঠিত হবে বলেও সরকার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে এসব আশ্বাসের পরও আন্দোলনকারীরা বলছেন, তাদের মূল দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।



