দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। তবে তিনি বিষয়টি সরাসরি নাকচ বা নিশ্চিত কোনোটিই করেননি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তাকে পদত্যাগের পরিকল্পনা সম্পর্কে সরাসরি প্রশ্ন করা হলে রাষ্ট্রপতি বলেন, “ দেখতে পাবেন। এটা বিব্রতকর প্রশ্ন।”
সম্প্রতি দুই মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে যে দাবি উঠেছে তাকে তিনি ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ফোনালাপের খবরকেও তিনি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, “কেউ মানসিক ভারসাম্য হারালেই কেবল এমন মনগড়া গল্প বানাতে পারে। এসব সম্পূর্ণ ভিত্তিহীন, ভিত্তিহীন এবং ভিত্তিহীন। একেবারেই ভিত্তিহীন।”
রাষ্ট্রপতি বলেন, “আমি সারা জীবন ন্যায়ের পথে চলেছি। আমি কোনো মনগড়া খবর তৈরি করতে পছন্দ করি না।”
তিনি জানান, আলোচিত সময়ে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছিলেন। তবে তার সাথে শেখ হাসিনার ফোনালাপের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।



