বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ৫ আগস্টের ঘটনার পেছনে মূল কালো শক্তি হলো জামায়াতে ইসলাম। তিনি মন্তব্য করেন, ‘‘সার্জিস আলমরা যারা এর অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।’’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, ‘‘মানুষ এখন বুঝে গেছে—এরা রাজাকারের বাচ্চা। টাকার মাধ্যমে তরুণ সমাজের একটি অংশকে তারা যেকোনোভাবে প্রলুব্ধ করছে। কিন্তু নির্বাচন হলে আল্লাহর রহমতে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসবে।’’
তিনি আরও বলেন, ‘‘সেই আল বদর, আল শামস আর জামায়াতে ইসলাম—আমরা ভেবেছিলাম ৫৪ বছরে তাদের পূর্বপুরুষের গ্লানি তারা ভুলে গেছে। কিন্তু তারা দ্বিগুণ আকারে সেই গ্লানিই বহন করছে। জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলয় থেকে তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অর্থ-বিত্ত, প্রশাসন ও বিভিন্ন খাতে এখন তাদের প্রভাব বিস্তার করেছে।’’
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা অভিযোগ করেন, ‘‘সারা বাংলাদেশে এখন এসিল্যান্ড থেকে ইউএনও, ওসি থেকে এসপি, ডিসি থেকে সচিব পর্যন্ত প্রশাসন তারা দখল করে নিয়েছে। ব্যাংক, ইন্স্যুরেন্স, শেয়ার মার্কেট, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ এমনকি ছাত্র সংগঠনগুলোতেও তাদের দখল রয়েছে। তারা এখন মনে করছে, আনঅফিসিয়াল ক্ষমতা তাদের হাতে আছে। কিন্তু অফিসিয়াল ক্ষমতায় কোনোদিন যেতে পারবে না, কারণ ভোটের হিসাবে তারা জনগণের সমর্থন পায় না।’’
তিনি আরও যোগ করেন, ‘‘৫৪ বছর পরেও তারা রাজাকারের সেই কুকীর্তি ভুলে নাই। বরং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সে কারণেই নির্বাচনে যেতে তারা ভয় পায়। নির্বাচনে যেতে চাই এভাবে, যদি বিএনপিকে ধ্বংস করতে পারে। কিন্তু জনগণের ভোটের ক্ষেত্রে বিএনপি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে তাদের সামনে।’’



