রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে একদিনে চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক দুটি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারী (৩০) ও এক পুরুষের (৩৫) মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ বরিশুর নৌ পুলিশ।
উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তিনি বলেন, “মরদেহ যাতে ভেসে না ওঠে, সেজন্য প্রায় ৫০ কেজি ওজনের চালের বস্তার সাথে হাত বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। মরদেহগুলো পচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এর আগে একই দিনে দুপুরে সদরঘাট নৌ পুলিশ বুড়িগঙ্গার মীরেরবাগ এলাকা থেকে আধ ঘণ্টার ব্যবধানে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃতরা মা ও ছেলে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং শিশুটির বয়স ৩ থেকে ৪ বছর।
পুলিশ জানায়, নারীর গলায় বোরকার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল। শিশুটির গলায়ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর তাদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।



