গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত ও উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে বুধবার (৬ মে) একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে হামের উপসর্গে সর্বোচ্চ দৈনিক মৃত্যুর ঘটনা।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩২৯ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৬ হাজার ২০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৩৮ জন।



