সরকারি কর্মচারীদের সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকা ও বিকেল ৫টার আগে দপ্তর ত্যাগ না করতে কড়া নির্দেশনা দিয়েছে সরকার।
অফিস চলাকালীন জরুরি প্রয়োজনে নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি করতে হবে।
সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুসারে বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, দেরিতে অফিসে উপস্থিতি কিংবা আগেভাগে অফিস ত্যাগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। একাধিকবার দেরিতে এলে সাত দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তনের বিধান রয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দপ্তরসমূহকে কড়া নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে।



