আগামী আগস্টে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আপাতত সেই সফর হচ্ছে না বলে ভারতের একাধিক সরকারি সূত্রের বরাতে জানিয়েছে বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো মোদি সরকার থেকে চূড়ান্ত অনুমোদন পায়নি।
দিল্লি মনে করছে, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের শীতলতা সফরের জন্য অনুকূল নয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এমন পরিস্থিতিতে ক্রিকেট দল পাঠালে সাধারণ মানুষের মাঝে ভুল বার্তা যেতে পারে।
বিসিসিআই ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সফর পিছিয়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। প্রস্তাবিত সময় ২০২৬ সালের আইপিএলের পর।



