ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাসভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুই শিশু।
নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও অজ্ঞাতনামা চালক (২৫)। আহত আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)কে প্রথমে ভাঙ্গা হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার এসআই নুর আলম জানান, ঢাকা থেকে যশোরগামী দ্রুতগতির প্রাইভেটকারটি মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



