বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণ হলেও জনগণের কষ্ট বিবেচনায় দেশে তুলনামূলক কম হারে দাম বাড়ানো হয়েছে।
মন্ত্রী জানান, সারা পৃথিবীতে জ্বালানির দাম বেড়েছে। বেশি দামে তেল কিনতে হয়েছে, তাই তেলের দাম বাড়াতে হয়েছে। সারা পৃথিবীতে এর প্রভাব পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। আমেরিকাতেও তেলের দাম বেড়েছে, সেই তুলনায় দেশে তেলের দাম কম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। যতটুকু দাম বাড়ানো হয়েছে তারপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। দাম বাড়ায় বাজারে এর কিছুটা প্রভাব পড়তে পারে ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং ডিজেল ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের দামও বেড়ে হয়েছে ১৩০ টাকা।



