জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলের একটি কক্ষ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে হল প্রশাসন। এ সময় অন্য হলের এক ছাত্রীকে আটক করা হয়।
হল সূত্রে জানা যায়, বহিরাগত ছাত্রীর উপস্থিতির অভিযোগে শনিবার ওই কক্ষে অভিযান চালান ওয়ার্ডেন অধ্যাপক সুলতানা আক্তার। তল্লাশিতে মাদক উদ্ধার ও এক শিক্ষার্থীকে আটক করা হয়। আটক শিক্ষার্থী ৪৮তম আবর্তনের এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক।
তবে বেগম খালেদা জিয়া হলের সাধারণ সম্পাদক ফাতিমা তুজ জহুরা দাবি করেন, পারিবারিক সমস্যার কারণে ওই ছাত্রী অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন; তাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিবারের কাছে পাঠানো হয়েছে।
অন্যদিকে, হল সংসদের জিএস সুমাইয়া খানম মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনাটি তদন্তে সংশ্লিষ্ট হল প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে।



