ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সকল আবাসিক শিক্ষার্থীকে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রবিবার সকাল ১১টায় একাডেমিক কাউন্সিলের সভা শুরু হলেও ‘কম্বাইন্ড ডিগ্রি’ বাস্তবায়নে সমাধান না আসায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হলে থাকতে নিষেধ করা হয়েছে।
জানা যায়, কম্বাইন্ড ডিগ্রি বাতিলের দাবিতে সকালে থেকেই পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে অবস্থান নেন। তাদের স্লোগান ছিল— “এক পেশায় এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি নয়”। দুপুর দেড়টার দিকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সভায় উপস্থিত উপাচার্যসহ ২২৭ জন শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন।
পরে শিক্ষকদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়।



