চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের আশপাশে অন্তত ১০টি যৌথ বাহিনীর গাড়ি প্রবেশ করে। র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এর আগে শনিবার রাতে ভাড়া বাসার দারোয়ানের হাতে এক নারী শিক্ষার্থী মারধরের শিকার হওয়ার অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা ও স্থানীয়রা। এতে অন্তত দুই শতাধিক আহত হয়েছেন। সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার দুপুর ২টা থেকে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
প্রশাসনের জারিকৃত আদেশে বলা হয়েছে, এ সময়ে উল্লিখিত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ-মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র বহন এবং ৫ জনের বেশি মানুষের একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।



