পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলন্ত বাস থামিয়ে যাত্রীদের অপহরণ করে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত নয়জন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বেলুচিস্তান থেকে পাঞ্জাবগামী দুটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে নেয় সশস্ত্র হামলাকারীরা। পরদিন শুক্রবার (১১ জুলাই) প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। খবর আল জাজিরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যাত্রীরা পাঞ্জাবি জাতিগোষ্ঠীর হওয়ায় পরিকল্পিতভাবে তাদের টার্গেট করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের আরেক কর্মকর্তা নাভিদ আলম বলেন, “রাতেই নিকটবর্তী পাহাড়ি অঞ্চল থেকে গুলিবিদ্ধ নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “নিরপরাধ নাগরিকদের রক্ত বৃথা যাবে না। এ ধরনের নৃশংস হামলা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয়।”
তবে পাকিস্তানের অভিযোগের বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের দায়ও এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি।



