খুলনায় দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে (৪৫) দুর্বৃত্তরা গুলি করে ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে মহানগরীর দৌলতপুর থানার নিজ বাসার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।
দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুপুরে নিজ বাসার সামনে প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান। এ সময় হেলমেট পরা তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত করতে তার দুই পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন, “ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।”



