যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্থানীয় সময় শুক্রবার তিনি জানান, আগামী ৩০ জুন ২০২৬ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। স্বামীর অসুস্থতার কারণেই সরকারি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড জানান, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে তিনি বলেন, এই লড়াইয়ে স্বামীর পাশে থাকতে এবং পূর্ণ সমর্থন দিতে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ সৃষ্টি করা হয়। এটি দেশটির জাতীয় নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তুলসী গ্যাবার্ডকে এ পদে দায়িত্ব দিয়েছিলেন। তবে সম্প্রতি ইরান ইস্যুসহ বিভিন্ন বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে তার মতপার্থক্যের খবরও সামনে আসে। কিছু সূত্রের দাবি, ব্যক্তিগত কারণের পাশাপাশি প্রশাসনিক চাপও তার বিদায়ের পেছনে ভূমিকা রাখতে পারে।



