ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির ঘোষিত প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেলের ঘোষণা দেন বিন ইয়ামিন মোল্লা। সংগঠনটি জানায়, তাদের প্যানেলের নাম ‘ডাকসু ফর চেঞ্জ’ এবং স্লোগান হলো— ‘ভোট ফর চেঞ্জ’।
ঘোষিত সম্পাদক পদগুলো হলো—
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. শাকিল খান
সমাজসেবা সম্পাদক: আরিফুর রহমান মজুমদার
ক্রীড়া সম্পাদক: মুক্তার হোসেন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আশিক হৃদয় আহমেদ
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: রাকিব হোসেন গাজী
মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: ইশতিয়াক আহমেদ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সিয়াম ফেরদৌস ইমন
এ ছাড়া সদস্য হিসেবে আছেন— রাহাত, রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাপ ইসলাম।
সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, “আমরা পরিবর্তনের রাজনীতি করতে এসেছি। শিক্ষার্থীরা ন্যায়, সমতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে আমাদের প্যানেলকে সমর্থন জানাবে বলে আমরা বিশ্বাস করি।”



