ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে নিখোঁজের একদিন পর ময়না আক্তার (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (৬ জুলাই) সকালে এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ পাওয়া যায়।
পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার (৫ জুলাই) বিকেলে ময়না নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকেই স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং মাইকিংয়ের মাধ্যমে সারা এলাকায় মেয়েটির সন্ধান চাওয়া হয়।
রবিবার সকালে শিশুদের মাধ্যমে মসজিদের একটি কক্ষে মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরিবার ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
ঘটনাটির খবর এলাকায় ছড়িয়ে পড়ায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে৷



