চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায়, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি টাকা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে জুলাইয়ের প্রথম ২৫ দিনে সর্বোচ্চ ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ধারাবাহিকতা অব্যাহত থাকায় চলতি মাসেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে।



