টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করেই আবারও সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে গত ২২ এপ্রিল দুই গ্রামের মধ্যে প্রথম সংঘর্ষের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ালে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বৃহস্পতিবার গভীর রাতে ১৪৪ ধারা জারি করলেও, শুক্রবার সকালে তা অমান্য করে আরও পাঁচটি বাড়িতে আগুন ও বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নলীন বাজার, গোলপেঁচা এবং জগৎপুরাসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক ও বাজারগুলোতে চলছে পুলিশের টহল।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষ যেন আরও ছড়িয়ে না পড়ে সে জন্য শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি শান্ত করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।



