টানা চার দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৪,০৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।
এর আগে গত ১১ জুন স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছিল। এ নিয়ে চলতি ২০২৬ সালে দেশের বাজারে মোট ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৮ বার দাম বাড়ানো এবং ৩৬ বার কমানো হয়েছে।



