আফ্রিকার দেশ সুদানে ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফজরের নামাজের সময় দারফুরের এল-ফাশের শহরের এক মসজিদে এ হামলা হয়। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অধিকাংশ নিহত ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।
এ হামলার জন্য অভিযোগের তীর ছোড়া হচ্ছে সুদানের প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দিকে। তবে এখন পর্যন্ত সংগঠনটি কোনো দায় স্বীকার করেনি।
সুদানের দারফুর অঞ্চলে গত দুই বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। এল-ফাশের সেনাদের শেষ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, আর শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আরএসএফ।



