দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসি (ল্যান্ড) হিসেবে দায়িত্ব পালনরত ৩৭তম বিসিএস ব্যাচের ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
পদোন্নতি ও প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আটটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৩৭তম বিসিএস ক্যাডারদের এসি ল্যান্ড হিসেবে দায়িত্বরত অবস্থান থেকে ধাপে ধাপে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পদক্ষেপটি মূলত কর্মকর্তাদের অভ্যন্তরীণ রোটেশন ও পদোন্নতির পথ প্রশস্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনরত কর্মকর্তারা রাজস্ব আদায়, ভূমি ব্যবস্থাপনা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।



