দেশের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদারে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
জানা যায়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দায়িত্ব পালন করবে। মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনওরা সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত পদ্ধতিতে দায়িত্ব পালন করে প্রতিদিন প্রতিবেদন জমা দেবেন। দ্রুত নিয়োগ দিয়ে তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।



