দীর্ঘ ও সুস্থ জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে সপ্তাহে মাত্র দুই ঘণ্টার শক্তিবর্ধক ব্যায়াম বা ভার উত্তোলনে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ৩০ বছর মেয়াদী এক যুগান্তকারী গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ১ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে।
গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত দুই ঘণ্টা রেজিস্ট্যান্স ব্যান্ড বা ওজন তোলার মতো ব্যায়াম করেন, সাধারণ মানুষের তুলনায় তাদের অকাল মৃত্যুর ঝুঁকি ১৩ শতাংশ কম। এছাড়া হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি ১৯ শতাংশ এবং স্নায়বিক রোগে মৃত্যুর ঝুঁকি ২৭ শতাংশ পর্যন্ত কমে যায়।
তবে গবেষকরা স্পষ্ট করেছেন, দুই ঘণ্টার বেশি ব্যায়াম করলেই যে বাড়তি সুফল মিলবে, তা নয়। বরং মাঝারি মাত্রার এই ব্যায়ামের পাশাপাশি সপ্তাহে ১৫০ মিনিট অ্যারোবিক বা কার্ডিও ব্যায়াম (যেমন হাঁটা বা দৌড়ানো) করা হলে শরীরের সামগ্রিক সক্ষমতা ও পেশিশক্তি চমৎকারভাবে বৃদ্ধি পায়।
যুক্তরাজ্যের এনএইচএস এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ বার্ধক্য নিশ্চিত করতে এবং বার্ধক্যজনিত অসুস্থতা দূরে রাখতে সপ্তাহে অন্তত দুই দিন শরীরের প্রধান পেশিগুলোর কার্যকারিতা বাড়ানো জরুরি।
এটি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যই ভালো রাখে না, বরং দীর্ঘমেয়াদে চিকিৎসা ব্যয়ও বিপুল পরিমাণে কমিয়ে আনে।



