চট্টগ্রামের বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে লাশ ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় প্রধান আসামি আবীর আলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই সর্বোচ্চ শাস্তি দেন। আদালত তাঁর পর্যবেক্ষণে বলেন, ক্রাইম পেট্রোল দেখে উদ্বুদ্ধ হয়ে এই নিষ্ঠুর, নৃশংস ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ নভেম্বর বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় আয়াত। পরে পিবিআই তদন্তে নেমে বাসার ভাড়াটে আবীরকে গ্রেফতার করলে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ ও হত্যার এই রোমহর্ষক ঘটনাটি উন্মোচিত হয়।



