বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক নারী ও তার ছেলেকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত থেকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কোনো এক সময়ে উপজেলার গুজিয়ার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৩৫) ও তার ছেলে ইমরান নাজির (১৮)। ইমরান বগুড়ার ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রাজমিস্ত্রিরা কাজের জন্য বাড়িতে এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়রা সন্দেহ করেন। পরে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মা-ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



