রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটের সামনের কার্গো হোল্ড থেকে পরিত্যক্ত অবস্থায় এই সোনা উদ্ধার করা হয়।
কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানান, সোনা চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধে কাস্টমস সর্বদা তৎপর।



