বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট জগতের পরিচিত মুখ কারিনা কায়সার আর নেই। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পর শনিবার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন এবং সংক্রমণে ধরা পড়ে। পরে তাঁর শরীরে হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতা ধরা পড়ে, যা ধীরে ধীরে লিভার ফেইলিউরের দিকে গড়ায়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হলে ভেলোরের সিএমসি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। পরে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।



