সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও তরুণ কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য দেশবাসী ও সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।
পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে লিভার-সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন কারিনা। শুরুতে তার ফ্যাটি লিভার ও শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে তিনি হেপাটাইটিসে আক্রান্ত হন। শুক্রবার (৮ মে) রাতে হঠাৎ লিভার ফেইলিউর দেখা দিলে চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে লাইফ সাপোর্টে নেন।
কারিনার শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে ভারত বা সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা করানোর পরিকল্পনা করছে পরিবার। তবে চিকিৎসার বিপুল ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন কায়সার হামিদ।
তিনি বলেন, “আমার এক ভাই ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। দীর্ঘদিন তার চিকিৎসায় পরিবারের অনেক অর্থ ব্যয় হয়েছে। এখন মেয়ের চিকিৎসার জন্য এত বড় অঙ্কের টাকা জোগাড় করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
সরকারি সহায়তার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, “জমি বিক্রি করে টাকার ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু এতে সময় লাগবে। সরকার ও দেশের সামর্থ্যবান মানুষের সহযোগিতা পেলে মেয়েকে বাঁচানোর লড়াইটা সহজ হবে।”
কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি কারিনা কায়সার চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও পরিচিত। তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬-এ কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।



