মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অ্যান্ড্রুজ ঢাকায় এসেছেন আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে যোগ দিতে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।
সাক্ষাতে ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে জাতিসংঘ দূত বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশা জিইয়ে রাখার জন্য বিশ্ব ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞ।
এ সময় অ্যান্ড্রুজ আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে বৃহৎ পরিসরে আয়োজিত সম্মেলনের জন্য ইউনূসকে ধন্যবাদ জানান।
অন্যদিকে, ড. ইউনূস রোহিঙ্গা সহায়তায় আন্তর্জাতিক অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং অনুদান বাড়াতে জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
আগামী ২৫ আগস্ট কক্সবাজারে “অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে ১৭ আগস্ট ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি জানান, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে বাদ পড়ার পথে ছিল। তবে প্রধান উপদেষ্টার উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদে সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে ১০৬টি দেশ স্পন্সর করে।



