রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় বিচারিক আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি ও ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। গত ৭ জুন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
রায়ে মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড এবং মোট ৭ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে এই সাজা কার্যকর হবে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আগামী দুই কর্মদিবসের মধ্যে মামলার পেপার বুক তৈরির কাজ শেষ হবে। এরপর প্রধান বিচারপতির গঠিত বিশেষ বেঞ্চে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।
আইনমন্ত্রী আসাদুজ্জামান আশা প্রকাশ করেছেন, আপিল নিষ্পত্তি শেষে আগামী তিন মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব হতে পারে।



