গত ১১ জুন পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। বিশ্বজয়ী আর্জেন্টিনা এখনও মাঠে না নামলেও আগামী বুধবার সকালে ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
এই ম্যাচের মাধ্যমে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। চলতি আসরে তাঁর সাথে এই তালিকায় যুক্ত হবেন মেক্সিকোর গুইলার্মো ওচোয়া ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০ বছরের বিশ্বকাপ যাত্রার স্মৃতিচারণ করে মেসি নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন— ‘২০০৬⚽২০২৬’।
চলতি বিশ্বকাপে ফুটবল মহাতারকা মেসির সামনে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুযোগ:
সর্বোচ্চ গোলদাতা: বিশ্বকাপে মেসির বর্তমান গোল ১৩টি। আর ৪টি গোল করলে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ভেঙে দেবেন। তবে সমান ১৩ গোল নিয়ে একই দৌড়ে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও।
সর্বোচ্চ অ্যাসিস্ট: বিশ্বকাপে মেসির অ্যাসিস্ট সংখ্যা ৮টি। ব্রাজিল কিংবদন্তি পেলের সর্বোচ্চ ১০টি অ্যাসিস্টের রেকর্ড ভাঙতে মেসিকে করতে হবে আর ৩টি অ্যাসিস্ট।
সর্বোচ্চ ম্যাচ ও মিনিট: বিশ্বকাপে ইতিমধ্যেই সর্বোচ্চ ২৬টি ম্যাচ এবং ২৩০০ মিনিট খেলার রেকর্ড মেসির দখলে রয়েছে, যা এই আসরে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
আরেকটি ফাইনাল: আর্জেন্টিনা যদি এবারও ফাইনালে উঠতে পারে, তবে পেলে ও কাফুদের মতো সর্বোচ্চ ৩টি বিশ্বকাপ ফাইনাল খেলা কিংবদন্তিদের তালিকায় নাম লেখাবেন মেসি।



