রাজধানীর রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে বৃহস্পতিবার সকালে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মেরাদিয়া এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়। এতে অফিসগামী, শিক্ষার্থীসহ হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে বৃষ্টির কারণে মেরাদিয়া এলাকায় সড়কে পানি জমে যায়। এ সময় দুটি ট্রাক বিকল হয়ে সড়কের একটি অংশে আটকে পড়ে। ফলে নতুনবাজার, বাড্ডা, মেরাদিয়া হয়ে রামপুরা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘ সময় স্থির হয়ে থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
দীর্ঘক্ষণ যানবাহনে আটকে থাকার পর অনেক যাত্রী বাস থেকে নেমে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি কাজে বের হওয়া অনেকেই সময়মতো পৌঁছাতে না পারার আশঙ্কা প্রকাশ করেন। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।
যানজটের কারণে নতুনবাজার থেকে বাড্ডা লিংক রোড ব্যবহারকারী আলিফ, বৈশাখীসহ কয়েকটি গণপরিবহনকে গুলশান-২ হয়ে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়। এতে গুলশানমুখী সড়কেও অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। তবে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক ছিল।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান বলেন, “ভোরে বিকল হওয়া দুটি ট্রাকের মধ্যে একটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যটি অপসারণের কাজ চলছিল। ট্রাক দুটি বিকল হয়ে সড়কে আটকে পড়ায় ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং এর প্রভাব নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত ছড়িয়ে পড়ে।”



