রাজশাহীতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটা থেকে শ্রমিকদের একটি অংশ আকস্মিক কর্মবিরতি শুরু করলে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নগরীর বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। টিকিট কেটেও অনেক যাত্রী গন্তব্যে যেতে পারেননি।
জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে সরাসরি নির্বাচন ছাড়াই কমিটি গঠনের প্রতিবাদে শ্রমিকদের একাংশ কর্মবিরতি পালন করছে।
আন্দোলনকারীরা বর্তমান কমিটি বাতিল করে তিন মাসের আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন।



