রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ বেপারী (৩২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ দুজন গুলিবিদ্ধ হন। জনতা অস্ত্রধারী এক হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে।
অন্যদিকে, কদমতলীতে রাজনৈতিক বিরোধের জেরে শামসুদ্দিন খান নামে বিএনপির এক স্থানীয় নেতাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আড্ডার সময় তিনজন অস্ত্রধারী গুলি ছুড়লে ইউসুফসহ তিনজন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুপুরে কদমতলীর মাতুয়াইল মেডিকেল রোডে জুমার নামাজে যাওয়ার পথে মাতুয়াইল মাতৃসদন ইউনিট বিএনপির সভাপতি শামসুদ্দিন খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতার অনুসারীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।



