রংপুরে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
নিহত গৃহবধূর নাম রেজওয়ানা দিল আফরোজ (২২)। তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে মারা যান।
নিহতের বাবা রেজাউল করিম জানান, তিন বছর আগে রেজওয়ানার বিয়ে হয় রংপুর মহানগরের সরেয়ার তলের আব্দুল করিমের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য চাপ দিতেন তিনি।
তিনি জানান, নতুন ট্রাক কেনায় পাঁচ লাখ টাকা দাবি করেন তার জামাতা। এই নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৮ জুন বিকেলে ঘরের দরজা বন্ধ করে মেয়ের শরীরে আগুন দেন তিনি।
পরে স্থানীয়রা তার মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেন। সেখানকার চিকিৎসকরা দ্রুত ঢাকায় নেয়ার কথা বলেন। পরে ঢাকায় নেয়া হলে চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা অভিযোগ করেন, ঘটনার ২৪ ঘন্টা পার হলেও পুলিশ মামলা নিয়ে গড়িমসি করছে।
তবে মাহীগঞ্জ থানার ওসি দাবি করেন, ঠিকানার বিভ্রান্তির কারণে মামলা নিতে দেরি হচ্ছে।
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মারুফ আহমেদ জানিয়েছেন, মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে।



