ঢাকার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) এই দুর্ঘটনার পর বিমান বাহিনী একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে আইএসপিআর।
দুর্ঘটনার সময় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম যান্ত্রিক ত্রুটি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। জনবহুল এলাকা এড়িয়ে জনশূন্য স্থানে বিমানটি নামাতে চাইলেও শেষ পর্যন্ত তা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়।
আহতদের উদ্ধার করে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস অংশ নিয়েছে।
আইএসপিআর জানায়, বিমান বাহিনী হতাহতদের চিকিৎসা ও সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান দেশের বাইরে থাকায় দায়িত্ব পালন করছেন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন)।



