ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে ভাষণ দেন তিনি। হাজারও সমর্থকের উপস্থিতিতে দেওয়া এ ভাষণে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন।
বিজয়ের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তার দেওয়া পরোক্ষ ‘হুংকার’ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বিজয় বলেন,“সিংহ সব সময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শেয়ালই থাকুক, রাজা সব সময় সিংহই থাকে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে। বনে যত শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই—সিংহ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বক্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে মন্তব্য করেছেন এবং তার আত্মবিশ্বাসী নেতৃত্বের ইঙ্গিত দিয়েছেন।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিভিকে কোনো রাজনৈতিক জোটে যাবে না। বিজয়ের ভাষায়,“আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তেমন কারো সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।”



