মুন্সিগঞ্জে বিষাক্ত মদপান করে দুই দিনে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের বাচ্চু ব্যাপারী (৬৫), একই গ্রামের ইব্রাহিম মুন্সী (৭০), রহমতুল্লাহ (৬৫) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আল আমিন সরকার (৪৫) ও সিজান ব্যাপারী (২৬)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কাঠাদিয়া গ্রামের একটি গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নেন নিহত ও অসুস্থ ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে তাঁরা স্থানীয় এক নারীর কাছ থেকে রেকটিফায়েড স্পিরিট কিনে পান করেন। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁদের টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানেই বৃহস্পতিবার রাতে মারা যান বাচ্চু ব্যাপারী। শুক্রবার দুপুরে মারা যান ইব্রাহিম মুন্সী ও হোসেন ডাক্তার এবং শনিবার ভোরে মারা যান রহমতুল্লাহ।
কাঠাদিয়া গ্রামের বাসিন্দা বিপু মাদবর জানান, “প্রথমে নিহতদের পরিবার বলেছিল স্ট্রোক করে মারা গেছেন। পরে আমরা জানতে পারি, তাঁরা বিষাক্ত স্পিরিট পান করেই মারা গেছেন। আমাদের এলাকায় যাঁরা মারা গেছেন, তাঁরা প্রায়ই এ ধরনের স্পিরিট পান করতেন।”
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন বলেন, “শনিবার বিকেল পর্যন্ত চারজন মারা গেছেন বলে তথ্য পেয়েছি। আরও কয়েকজন অসুস্থ রয়েছেন।”



