রাজধানীর মুগদার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার বাসাটি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মুগদা থানার এসআই মো. বোরহান উদ্দিন জানান, বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সর্বশেষ তাঁকে বাসাটিতে দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তানভীর হোসেইন শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দিয়ে পরে অতিরিক্ত পরিচালক পদে উন্নীত হন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



