মিয়ানমারের সামরিক জান্তা দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে ১১ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। নতুন এই কমিশনের নেতৃত্বে থাকবেন সেনাপ্রধান ও জান্তাপ্রধান মিন অং হ্লাইং। রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভির বরাতে বৃহস্পতিবার (৩১ জুলাই) এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ঘোষণায় বলা হয়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এবারই প্রথম জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জান্তা সরকার। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে। যদিও এখনো নির্ধারিত তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এমআরটিভি আরও জানায়, মিন অং হ্লাইং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বে থেকে নির্বাচন তদারকি করবেন। একইসঙ্গে তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করেছিল সেনাবাহিনী। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর এবার সেই জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা এলো।
তবে বিশ্লেষক ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই নির্বাচনের মাধ্যমে জান্তা শুধু বৈধতা পাওয়ার চেষ্টা করছে এবং মিন অং হ্লাইং-এর পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এ প্রক্রিয়ায় বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ব্যাপক সংশয় রয়েছে।



