ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
শনিবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য দেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দিন।
তিনি জানান, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যারা হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তারা পরস্পর সম্পর্কিত। তারা একসঙ্গে ব্যবসাটা কিছুদিন করেছে। কিন্তু তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তারা নিজেদের মতো ব্যবসা করার জন্য সোহাগের সঙ্গে বিবাদে লিপ্ত হয় এবং এ হত্যাকাণ্ড হয়।
এর আগে গত বুধবার (৯ জুলাই) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩ নম্বর গেট সংলগ্ন স্থানে একদল লোক সোহাগকে নৃশংসভাবে হত্যা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এবং লাশ ময়নাতদন্তে পাঠায়। পরদিন নিহতের বোন মামলা করেন। পুলিশ ও র্যাব এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।



