বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
আজ বিকেলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকদের ভোটে তিনি নির্বাচিত হন।
বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের অনাস্থা ও পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন বাতিলের মাধ্যমে আমিনুলের সভাপতি হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল গতকালই ।
এনএসসি ফারুকের কাউন্সিলর পদ বাতিল করে আজ আমিনুলকে সেই পদে মনোনীত করে, যা তাকে বোর্ড সভায় সভাপতির নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেয়।
আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করা আমিনুল বর্তমানে সংস্থাটির এশিয়া অঞ্চলের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের হয়ে তিনি ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে তার করা সেঞ্চুরিই দেশের ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরি।
ফারুক আহমেদ মাত্র ৯ মাস আগে বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। বোর্ডের আট পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করলে বিষয়টি নতুন মোড় নেয়। এনএসসি তার কাউন্সিলর পদ বাতিল করার মাধ্যমে তার সভাপতি থাকার পথ কার্যত বন্ধ হয়ে যায়।



