মধ্যপ্রাচ্যে ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় আঞ্চলিক সংঘাত কমে যেতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ব্রেন্ট অপরিশোধিত তেলের আগাম চুক্তির দাম ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ০৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে অবস্থান করছে।
এর আগে, গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় দাম ১০০ ডলারের নিচে নেমে এসেছে। তবুও পুরো সপ্তাহজুড়ে তেলের দাম ৯০ ডলারের ঘরেই ওঠানামা করছে।
এদিকে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।



