বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে সাম্প্রতিক সময়ে একের পর এক যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইট শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। মেরামতের জন্য কিছু উড়োজাহাজ গ্রাউন্ডেড থাকায় এবং নতুন ত্রুটি ধরা পড়ায় একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হচ্ছে। ফলে যাত্রীদের পাশাপাশি বিপাকে পড়ছে বিমান কর্তৃপক্ষও।
গত এক মাসে অন্তত ৯টি উড়োজাহাজে ইঞ্জিন, ফ্ল্যাপ, টয়লেট ও কেবিন সিস্টেমের মতো বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও যাত্রীসেবা ও রক্ষণাবেক্ষণ মান নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে।
বিমানের তথ্যমতে, আবুধাবি, ব্যাংকক, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরসহ বিভিন্ন রুটে মাঝ আকাশে বা উড্ডয়নের আগে সমস্যা দেখা দিয়েছে। কোথাও টয়লেট বিকল, কোথাও ইঞ্জিনে কম্পন, আবার কোথাও রানওয়েতে উড়োজাহাজ আটকে পড়েছে। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা, সংযোগ ফ্লাইট মিস এবং গন্তব্যে পৌঁছাতে না পারার ঘটনা ঘটেছে।
সর্বশেষ ১০ আগস্ট রোমের লেওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে একটি বোয়িং ড্রিমলাইনার ডানার ফ্ল্যাপ ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়। ২৬২ যাত্রীকে হোটেলে রাখা হয় এবং লন্ডন থেকে যন্ত্রাংশ এনে মেরামতের উদ্যোগ নেওয়া হয়। পরদিন ১১ আগস্ট, ড্যাশ-৮ মডেলের একটি অভ্যন্তরীণ ফ্লাইট কেবিনের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মাত্র ২০ মিনিট উড়ে ঢাকায় ফিরে আসে।
আগস্টের শুরুতেও তিনটি উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ে—৬ আগস্ট ব্যাংককগামী বোয়িং ৭৩৭ ইঞ্জিন কম্পনের কারণে ফিরে আসে, ৭ আগস্ট আবুধাবিগামী বোয়িং টয়লেট বিকল হয়ে ফেরত আসে এবং ৯ আগস্ট সিঙ্গাপুর ফেরার পথে আরেকটি বোয়িংয়ে ত্রুটি দেখা দেয়।
১২ আগস্ট ঢাকা থেকে কুয়েত ও দুবাইগামী দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইট উড়োজাহাজ সংকটে বাতিল করা হয়। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, রোমে গ্রাউন্ডেড থাকা ড্রিমলাইনার মেরামতের জন্য পাঁচজন প্রকৌশলী পাঠানো হয়েছে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ত্রুটি মেরামতের পরেই উড়োজাহাজ আকাশে ওঠে।
এভিয়েশন বিশ্লেষক ও বিমানের সাবেক পরিচালক কাজী ওয়াহিদুল আলম বলেন, বহরের অনেক উড়োজাহাজ পুরোনো হওয়ায় এসব ত্রুটি নিয়মিত ঘটছে। এগুলো যাত্রীসেবা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে, তাই রক্ষণাবেক্ষণ তদারকি বাড়াতে হবে।
বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে—এর মধ্যে ১৪টি বোয়িং ও ৫টি ড্যাশ-৮ কিউ৪০০। যাত্রী ভোগান্তি কমাতে বিমান কর্তৃপক্ষ দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া শেষ করেছে এবং নতুন ক্রয়ের পরিকল্পনাও হাতে নিয়েছে।



