মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির মধ্যেই দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চারটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এসব জাহাজে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল রয়েছে, যা দিয়ে প্রায় ১২ দিনের জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব হবে।
জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু নামের তিনটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের অপর জাহাজটি আগামী রোববার পৌঁছাবে।
ট্যাংকারগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো পৌঁছাবে এবং দ্রুত খালাস কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে প্রতিদিন প্রায় সাড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। নতুন আমদানিকৃত এই জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



