দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে৷ আটককৃতদের পরে বিজিবির হাতে তুলে দেয় তারা৷
শুক্রবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ধর্মপুর ইউনিয়নের ৩২০ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি এলাকা থেকে মাসুদ ও এনামুল নামের দুই কৃষক ধান কাটার সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। পরে সীমান্তের কাছাকাছি এলাকা থেকে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয় নাগরিককে আটক করে কারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান বিক্ষুব্ধ গ্রামবাসী।
তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকে আটক ব্যক্তিদের মুক্তি ও সুষ্ঠু সমাধানের বিষয়ে আলোচনা হতে পারে।



